উখিয়ায় হত্যা মামলার আসামি গ্রেফতার

আপডেট : ২২ জুলাই ২০১৭, ১৯:০৫
 
কক্সবাজারের উখিয়া হাইওয়ে পুলিশ শনিবার দুপুর দেড়টার দিকে বালুখালী কাস্টমস এলাকা থেকে আব্দুর রহমান (৩৫) নামে এক হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে।
 
টেকনাফ থেকে আসা একটি সিএনজি গাড়িতে তল্লাশি চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ টেকনাফ শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া গ্রামের মোহাম্মদ কাশেমের ছেলে আব্দুর রহমান ও তার সহযোগী সাবরাং হাজীপাড়া গ্রামের মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ শাহজাহানকে (২০) গ্রেফতার করে।
 
টেকনাফ থানা সূত্রে জানা গেছে, আব্দুর রহমান ২০১৫ সালে ইয়াবা পাচারে বাঁধা দেওয়ায় শাহপরীর দ্বীপ উত্তর পাড়া রশিদুল্লাহ প্রকাশ বাড়োর ছেলে দিল মোহাম্মদকে (৩৫) বেড়ি বাঁধের পুরাতন কোয়াটারে কুপিয়ে হত্যা করে। হাইওয়ে পুলিশের ইনচার্জ রাজেশ বড়ুয়া জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান