বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের হিমছড়ি ও হরিণমারা থেকে নিখোঁজ দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে। হিমছড়িতে লাশের সাথে পড়ে থাকা একটি দেশীয় তৈরি লম্বা বন্দুকও উদ্ধার করা হয়েছে।
আজিজনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মেম্বর মোবারক হোসেন জানিয়েছেন, হিমছড়ি এলাকার সৈয়দ আহম্মদের ছেলে মো. জামাল উদ্দিনের সাথে তার স্ত্রীর বনিবনা হচ্ছিল না। ধারণা করা হচ্ছে লম্বা বন্দুক দিয়ে সে আত্মহত্যা করেছে। শনিবার সকালে তার নিজ বাড়ির পিছনে ৩-৪ শত ফুট দূরের পাহাড়ে লাশ পড়ে থাকতে দেখলে লোকজন খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বন্ধুক সহ লাশটি উদ্ধার করেছে।
আজিজনগরের পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার আবুল হোসেন জানিয়েছেন, আজিজনগরের পাঁচ নম্বর ওয়ার্ডের হরিণমারা এলাকার আহম্মদ কবিরের ছেলে হারুনুর রশিদ (১৮) এক মাস সাতদিন পূর্বে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করার পর সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে গত ১১ জুলাই লামা থানায় নিখোঁজ ডায়রি করা হয়। শনিবার সকালে আহম্মদ কবিরের বাড়ি থেকে অল্প দূরে একটি বাগানে শ্রমিকরা কাজ করতে গেলে একটি গলিত লাশ দেখতে পায়। বিষয়টি পুলিশ সহ স্থানীয় লোকজনকে জানালে গলিত লাশের লুঙ্গি ও গেঞ্জি দেখে পরিবারের লোকজন হারুনুর রশিদের গলিত লাশ বলে প্রাথমিকভাবে শনাক্ত করে।
লামা থানা অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক কৃষ্ণ দাশ জানিয়েছেন, বন্দুকসহ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/জামান
