যে কোনো বৈধ ব্যবসা পরিচালনা করতে হলে তার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের থেকে লাইসেন্স নিতে হয়। আর এই লাইসেন্স না থাকলে প্রায়ই আইনি ঝামেলায় পড়তে হয় ব্যবসায়ীদের। কখনো কখনো জরিমানার মুখেও পড়তে হয়। তবে এদিন লাইসেন্স না থাকার কারণে জরিমানার মুখে পড়তে হয়েছে পাঁচ বছর বয়সী এক মেয়েকে!
হ্যাঁ ঠিকই পড়ছেন পাঁচ বছর বয়সী শিশুকে জরিমানা করেছে ব্রিটেনের টাওয়ার হ্যামলেট কাউন্সিলের কর্তারা। শিশুটির অপরাধ, বাড়ির পাশের রাস্তায় লাইসেন্স ছাড়া শখ করে লেবুর শরবত বিক্রি করছিল। ব্যবসা পরিচালনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলের চারজন কর্মকর্তা। এসেই ঐ পাঁচ বছরের মেয়ের কাছে লাইসেন্স দেখতে চান তারা। না দিতে পারায় ১৫০ পাউন্ড জরিমানা করা হয় তাকে।
তবে দ্রুত জরিমানা দিলে মাত্র ৯০ পাউন্ডেই মিটিয়ে ফেলা যাবে বলে শিশুটির বাবাকে জানিয়ে যান কর্মকর্তারা। স্থানীয় কাউন্সিল কর্মকর্তাদের এই ব্যবহারে কান্নায় ভেঙে পড়ে শিশুটি। বাবাকে জিজ্ঞাসা করে বাবা, আমি মানুষকে লেবুর শরবত খাওয়াতে গিয়ে কি সত্যিই কোন অন্যায় করেছি?
ছোট মেয়ের এই প্রশ্নের উত্তর খুঁজতে বিষয়টি টুইট করে টাওয়ার হ্যামলেট কাউন্সিলের দৃষ্টিগোচর করার সঙ্গে সঙ্গে উর্ধ্বতন কর্তারা অফিসারদের এমন কাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে ঐ বাবা-মেয়ের কাছে।-এপি
ইত্তেফাক/নূহু
