জেলার গাংনী উপজেলার বামন্দী থেকে জঙ্গি সন্দেহে আটক দুই নারীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার রাত এগারটার দিকে তাদেরকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। গাংনী থানা ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার বেলা ১২ টার দিকে বামুন্দী রানা সিনেমা হলের পাশে হাসিব মিয়ার বাড়ি থেকে দুই শিশুসহ মাবিয়া খাতুন (৪০) ও তার বড় মেয়ে রজনী (১৮) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আটক দুই নারী সম্পর্কে মা-মেয়ে। দুই সপ্তাহ আগে ভাড়াটিয়া হিসেবে ওই বাড়ির দোতলায় বসবাস শুরু করেন। তারা প্রতিবেশী কারো সঙ্গে মেলামেশা করতেন না এবং ঘর থেকে বের হতেন না। তাদের আচরণ ও চলাফেরা স্থানীয়দের কাছে সন্দেহজনক ছিলো। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ ও এলাকায় খোঁজ খবর নিয়ে জঙ্গি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
ইত্তেফাক/এমআর
