র‌্যাব পরিচয়ে ছেলেকে তুলে নেয়ার খবরে বাবার মৃত্যু

আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৭:২১
 
টাঙ্গাইলের ভূঞাপুরে জাহিদুল ইসলাম (২৮) নামে এক ছেলেকে র‌্যাব পরিচয়ে তুলে নেয়ার খবরে বাবা মর্তুজা আলী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। মর্তুজা আলীর বাড়ি উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চর চিতুলিয়া গ্রামে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
 
গোবিন্দাসী ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, চর চিতুলিয়া গ্রামের জাহিদুলকে সাদা পোশাকধারী সাত ব্যক্তি র‌্যাব-১২ লেখা দুইটি স্পিডবোট যোগে তুলে নিয়ে যায়। জাহিদুল এলাকায় মাছের ব্যবসা করতো। জাহিদুলকে তুলে নেওয়া সময় তাদের পরিচয় জানতে চাইলে তারা র‌্যাব-১২ বলে জানায় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তিনি আরো জানান, র‌্যাব জাহিদুলকে তুলে নিয়ে গেছে এমন খবরে তার বাবা মর্তুজা আলী মারা যান।
 
গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবলু জানান, র‌্যাব-১২ পরিচয়ে জাহিদুলকে তুলে নিয়ে গেছে। তাৎক্ষণিক ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়েছে।
 
ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম কাউছার চৌধুরী জানান, তুলে নেয়ার ঘটনা শুনে টাঙ্গাইল র‌্যাব-১২ সাথে যোগাযোগ করা হয়েছে। তারা কোন লোককে তুলে নেয়নি বলে জানিয়েছে।
 
উল্লেখ্য, পূর্বে ভূঞাপুরে গোয়েন্দা পুলিশের নামে ব্যবসায়ী আব্দুল মান্নান, জহুরুল খা ও শমসের ফকিরকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এখন পর্যন্ত অপহৃত ওই তিন ব্যবসায়ীর কোন খোঁজ পাওয়া যায়নি। এতে করে অপহরণ হওয়া পরিবার ও উপজেলার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
 
ইত্তেফাক/জামান