রাজশাহী বোর্ডে পাশের হারে মেয়েরা এগিয়ে

আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৯:২৬
 
রাজশাহী শিক্ষাবোর্ডে পাশের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। তবে জিপিএ-৫ এ মেয়েদের চেয়ে ছেলেরাই এগিয়ে। পরীক্ষায় উপস্থিত এক লাখ ২১ হাজার ৮৩৬ শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮৬ হাজার ৮৭২ জন। এরমধ্যে ছেলে পরীক্ষার্থী ছিল ৬৭ হাজার ৬২ জন এবং মেয়ে পরীক্ষার্থী ছিল ৫৪ হাজার ৭৭৪ জন। ছেলেদের পাশের হার ৬৭.৪৬ এবং মেয়েদের পাশের হার ৭৬.০১। এবার জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ২৯৪ শিক্ষার্থী তারমধ্যে ছেলে দুই হাজার ৯৩৯ এবং মেয়ে দুই হাজার ৩৫৫।
 
পাশের হার ও জিপিএ-৫ দু'টোই কমেছে। এবার পাশ করেছে ৭১ দশমিক ৩০ শতাংশ শিক্ষার্থী। যা গতবছরের তুলনায় ৪ দশমিক ১ শতাংশ কম। আর জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৯৪ জন শিক্ষার্থী। যা গত বছরের চেয়ে ৭৭৯ জন কম। এছাড়া গতবছরের চেয়ে এক বিষয়ে ফেলের সংখ্যাও ১০ হাজারের অধিক বেড়েছে। গতবছর এক বিষয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৭ হাজার ১১৩ জন। এবার এক বিষয়ে ফেল করেছে ২৭ হাজার ৪৬১ জন শিক্ষার্থী।
 
এদিকে রবিবার দুপুরে শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তরুণ কুমার সরকার বলেছেন, 'এক বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের অধিকাংশই ইংরেজিতে খারাপ করেছেন।' এটা প্রাইমারি থেকে কলেজ পর্যন্ত বিদ্যমান বলে পরীক্ষা নিয়ন্ত্রক মন্তব্য করেন। ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর আনারুল হক প্রামাণিক।
 
ইত্তেফাক/জামান