ইসলামপুরে নাবালিকার আত্মহত্যা

আপডেট : ২৪ জুলাই ২০১৭, ০২:৩৭

জামালপুর জেলার ইসলামপুরে গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচরে সোনিয়া (১৭) নামের এক নাবালিকা আত্মহত্যা করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার বেলা ১১টায় দিকে ঘরের ধন্নার সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

আত্মীয়-স্বজনেরা তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তার ভাই সুরুজ্জামান থানায় একটি এজাহার দাখিল করে। খবর পেয়ে বিকালে পুলিশ লাশ উদ্ধার করে।

সোনিয়া গঙ্গাপাড়া গ্রামের মৃত সামছুল শেখের মেয়ে। মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মাকছুদুর রহমান আনসারী তার আত্মহত্যার ঘটনার সত্যতা স্বীকার করেন।

ইসলামপুরের এসআই আরিফ জানান, ঘটনার তদন্তের পর রিপোর্ট পাওয়া যাবে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে ইসলামপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ইত্তেফাক/নূহু