সরাইলে মেঘনার ভাঙনে আতঙ্কে শতাধিক পরিবার

আপডেট : ২৫ জুলাই ২০১৭, ০১:৩৩

সরাইলে অব্যাহত রয়েছে মেঘনা নদীর ভাঙন। ফলে উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি, পালপাড়া ও সূত্রধরপাড়া গ্রামের শতাধিক পরিবার এখন ভাঙন আতঙ্কে রয়েছে।

ইতোমধ্যে অনেক পরিবার বসতঘর থেকে মালামাল ও পাকা ভবনের দরজা-জানালা খুলে অন্য জায়গায় আশ্রয় নিয়েছে। গত ১ জুলাই শুরু হয়েছে ভাঙন। তাদের চোখের সামনে নদীতে বিলীন হয়ে গেছে শাখাইতি গ্রামের পাঁচটি চাতাল মিল ও পালপাড়া পাড়ার ছয়টি পরিবারের বসতভিটা।

ভাঙনের ভয়াবহতা কমলেও তা অব্যাহত রয়েছে। বেকার হয়ে পড়েছে পাঁচটি চাতালকলের শতাধিক শ্রমিক। উপজেলার শাখাইতি গ্রামের সাবেক ইউপি সদস্য মোস্তফা মিয়া বলেন, গত প্রায় একমাস ধরে গ্রামবাসী ভাঙনে হাবুডুবু খাচ্ছে। তিনটি গ্রামের বাসিন্দা সর্বক্ষণ ভীত আর আতঙ্কে সময় পার করছেন। শিক্ষার্থীরা বিদ্যালয়েও যাচ্ছে না। অথচ সরকারিভাবে তাদের জন্য কিছুই করা হচ্ছে না। ভাঙন প্রতিরোধ বা সহায়তার কোনো নমুনাই নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ওই এলাকা রক্ষার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

ইত্তেফাক/নূহু