বন্যা ও প্রবল বৃষ্টিতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক বিদ্যালয়ে পানি উঠেছে। এই অবস্থায় শিক্ষক ও শিক্ষার্থীরা বিপাকে পড়েছে।
মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়ের মাঠ ও ভবনে পানি উঠায় পাঠদানে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।যোগাযোগের অভাবে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে যেতে পারছে না বলে জানিয়েছে। বিদ্যালয়ে পানি উঠায় লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, মির্জাপুর উপজেলায় সরকারি ১৭০টি প্রাথমিক বিদ্যালয়, ৫৯টি মাধ্যমিক বিদ্যালয়, ১৪টি মাদ্রাসা এবং ১০টি কলেজ রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এ বছরের বন্যা ও গত কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে অন্তত অর্ধশত বিদ্যালয়ের মাঠ ডুবে বিদ্যালয় ভবনে পানি প্রবেশ করেছে। বিশেষ করে উপজেলার মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাওড়া, ভাদগ্রাম, বহুরিয়া, লতিফপুর, গোড়াই ও আজগানা ইউনিয়নের নিচু এলাকার বিদ্যালয়গুলোতে পানি প্রবেশ করায় ওই সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা চরম বিপাকে পড়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. খলিলুর রহমান এবং মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, 'যে সব বিদ্যালয়ে বন্যা ও বৃষ্টির পানি প্রবেশ করে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই সব বিদ্যালয়ের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। তালিকা তৈরির পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। বরাদ্দ এলে বিদ্যালয়গুলো দ্রুত সংস্কার করা হবে।'
ইত্তেফাক/জামান
