মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জামিনে মুক্ত

আপডেট : ২৫ জুলাই ২০১৭, ২১:৩৬
 
কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন প্রায় এক মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া জেলা কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।
 
গত ১৮ জুন উপজেলার আমলা বাজারে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে শাহজাহান আলী সাহারের ছেলে যুবলীগ কর্মী শাহাবুদ্দিন শাহীন (২৮) হত্যাকাণ্ডের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথা বাদী হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিনকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
 
মামলা দায়েরের পর তিনি ২৪ জুন মিরপুর থানায় আত্মসমর্পণ করেন। ওই সময়ে পুলিশ তাকে আদালতে উপস্থাপন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। পরবর্তীতে উচ্চ আদালতের জামিনের জন্য আবেদন করলে উচ্চ আদালতের ১৯নম্বর বেঞ্চের বিচারপতি গত ২৪ জুলাই তার জামিনের আদেশ দেন।
 
ইত্তেফাক/জামান