হাঙ্গর খালের ভাঙনের কবলে পড়েছে লোহাগাড়ার জঙ্গল পদুয়া ফরিয়াদিরকুল এলাকার হযরত পেঠান শাহ (রা.) এর স্মৃতি বিজড়িত পুরাতন আবাসভূমি শাহপাড়া।
জানা গেছে, গত দুই দিনের টানা বর্ষণে সোমবার রাতে ওই পাড়ার ৪টি বসতঘর খাল গর্ভে ধসে পড়ে। ক্ষতিগ্রস্তরা হলেন- আবু তৈয়ব, মো. হাছান, ছরওয়ার কামাল ও আনোয়ারা বেগম। এখন ওই পরিবারগুলো মানবেতর জীবন-যাপন করছে। আর ৫০/৬০ বসতঘর খালের গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এলাকার ইউপি চেয়ারম্যান মো. জহির উদ্দিন ও সংশ্লিষ্ট ইউপি সদস্য মো: শহিদুল ইসলাম এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতার আশ্বাস দেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, শাহপাড়ার হাঙ্গর খালের বেড়িবাঁধ ভেঙে গিয়ে রাস্তা-ঘাট, জায়গা-জমি ও বসতঘর সব তলিয়ে গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, এলাকার সুফি সাধক হযরত পেঠান শাহ (রা.) এর শাহপাড়ার হাঙ্গর খালের বেড়িবাঁধ ভেঙে যাচ্ছে। এতে উক্ত পাড়াটির পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে গৃহহীন হয়ে পড়বে শাহপাড়ার শত পরিবার।
ইত্তেফাক/এমআই
