সুজানগরে ব্রিজের অ্যাপ্রোচের মাটি ধসে পড়ায় জনদুর্ভোগ

আপডেট : ২৭ জুলাই ২০১৭, ০২:০২

সুজানগর মহিলা ডিগ্রি কলেজ সড়কের বান্নাই খালের ওপর নির্মিত ব্রিজের অ্যাপ্রোচের মাটি ধসে পড়ায় জনদুর্ভোগ বেড়েছে।

জানা গেছে, গত ১৫/২০ দিন আগে সুজানগর পৌরসভার অর্থায়নে ব্রিজটি নির্মাণ করা হয়। সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণ কাজ শেষ করার পরপরই শুরু হয় প্রচণ্ড বৃষ্টি। তাছাড়া ব্রিজের দু’পাশের অ্যাপ্রোচ ঘেঁষে নির্মাণ করা হয়নি কোনো প্যালাসাইটিং। ফলে বৃষ্টিতে এ্যাপ্রোচের মাটি ধসে পড়েছে।

এলাকাবাসী জানান, ব্রিজটির ওপর দিয়ে প্রতিদিন চর সুজানগর এবং চর ভবানীপুর গ্রামের শত শত মানুষ দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনে রিক্সা-ভ্যানযোগে সুজানগর পৌর বাজার এবং উপজেলা পরিষদে আসে। তাছাড়া বিশেষ করে ওই কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ওই একমাত্র ব্রিজের ওপর দিয়ে কলেজে যাতায়াত করেন। কিন্তু বৃষ্টিতে ব্রিজটির অ্যাপ্রোচ ধসে পড়ায় যানবাহন ও জনসাধারণের যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকার ভুক্তভোগী মহল এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পৌর মেয়রের হস্তক্ষেপ কামনা করেছেন।

ইত্তেফাক/নূহু