সখীপুরে সড়ক পাকা না করায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ

আপডেট : ২৭ জুলাই ২০১৭, ০২:১০

সখীপুরের জনবহুল এলাকার একটি সড়কে ধানের চারা রোপণ করে সড়ক পাকা না করায় প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। ‘কচুয়া-সাঁড়াশিয়া-বাসারচালা-মহানন্দপুর’ সড়কটি দীর্ঘদিনেও পাকা না হওয়ায় বুধবার সকালে এলাকাবাসী সড়কে ধানের চারা লাগিয়ে এ প্রতিবাদ জানান।

এলাকাবাসী জানান, বর্ষাকাল এলেই কাঁচা এই সড়কে হাঁটু কাদা হয়ে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। এ সড়ক দিয়ে উপজেলার কচুয়া, সাঁড়াশিয়া, বাসারচালা, মহানন্দপুর, ভণ্ডেশ্বর পাড়া, রামখা পাড়া, কামন্না পাড়া, বেপারী পাড়াসহ ৮-১০টি গ্রাম, কচুয়া হাই স্কুল, কচুয়া প্রাইমারি স্কুল, সাঁড়াশিয়া-বাসারচালা হাই স্কুল, সাঁড়াশিয়া প্রাইমারি স্কুল, মহানন্দপুর হাই স্কুল, মহানন্দপুর প্রাইমারি স্কুল, সানস্টার বিএম কলেজ ও কিন্ডার গার্টেনসহ ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, দুটি কমিউনিটি ক্লিনিক ও পাঁচটি হাট-বাজারের লোকজন চলাচল করে থাকেন। সড়কজুড়ে থকথকে কাদা থাকায় গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিনেও পাকা না করণে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে ধানের চারা রোপণ করেন।

গ্রামবাসী বন্দে আলী মিয়া, নিজাম উদ্দিন, ইদ্রিছ আলী বলেন, প্রায় পাঁচ কিলোমিটারের সড়কে বর্ষাকালে একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তারা বলেন, এক দেড় যুগ ধরে শুনতেছি রাস্তা পাকা হবে। কবে আর হবে জানি না। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরও একই ধরনের বক্তব্য।

এ অঞ্চলটি উপজেলার মধ্যে আদা, হলুদ, কচু, বেগুনসহ শাক-সবজি উত্পাদন হয়ে থাকে বেশি। উত্পাদিত পণ্য নিয়ে সড়কে যাতায়াতকালে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয় কৃষকদের।

উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ কুদ্দুছ জানান, সড়কটি পাকাকরণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই টেন্ডারের আওতায় আসবে সড়কটি।

ইত্তেফাক/নূহু