মানিকগঞ্জে গরু ব্যবসায়ী আজাহার হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৫ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান খান আদালতে আসামী সাচ্চুর উপস্থিতিতে এই রায় প্রদান করেন।
মামলায় অপর ৫ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেয়া হয়। তারা হলেন, আসামি-কিরমান, ফজলুল করিম, কবির, আনিস, জনাব আলী।
মামলার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৪ অক্টোবর মধ্য রাতে ঢাকার গাবতলী গরুরহাট থেকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া গ্রামে নিজবাড়িতে ফেরার পথে সাচ্চু নামের ওই ব্যবসায়ীর হাতে খুন হন আজহার। খুন হওয়ার ৪ দিন পর নিহত আজহারের স্ত্রী আসমা বেগম সিঙ্গাইর থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্তপূর্বক ৬জনকে আসামী করে ২০১৫ সালে ২৭ ফেব্রুয়ারিতে আদালতে চার্জশীট দাখিল করে। ১৩ জনের সাক্ষীগ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট মথুরনাথ সরকার এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট দেলোয়ার হোসেন।
ইত্তেফাক/এমআর
