গাইবান্ধার সাঘাটায় গাছ কাটার সময় গাছের চাপায় আনোয়ার হোসেন আকন্দ (২৯) নামে এক কৃষক মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের যাদুরতাইড় গ্রামের মোংলার দারাপাড়ে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক আনোয়ার হোসেন আকন্দ উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের যাদুরতাইড় গ্রামের আব্দুল জোব্বার আকন্দের ছেলে।
সাঘাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, উপজেলার যাদুরতাইড় গ্রামের সাবেক ইউপি সদস্য আলম মিয়া গংরা তাদের জমিতে লাগানো ইউকলিপটাস গাছ বৃহস্পতিবার দুপুরে কাটতে ছিল। এ সময় গ্রামের ওই মেঠো পথ দিয়ে কৃষক আনোয়ার হোসেন মাঠে ছাগল নিয়ে যাওয়ার সময় কাটা গাছটি মাথার ওপর পড়ে। এতে তার মাথা থিতলিয়ে গিয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরো জানান, খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা পাঠায়। এখবর লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৭টা) থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলতেছিল।
ইত্তেফাক/জামান
