পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার কাশিমগঞ্জ এলাকায় মহানন্দা নদী থেকে ৪৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ কাশিমগঞ্জ গ্রামের তিন পাথর শ্রমিক ঘড়ি জাল ব্যবহার করে মাছটি ধরেন।
জানা গেছে, ওই গ্রামের আজিবুদ্দিনের ছেলে মো. সাবুল, আবুল হোসেনের ছেলে খেতাব আলী ও কসিরুল ইসলামের ছেলে আব্দুল মতিন পেশায় পাথর শ্রমিক। নদীতে পানি বেড়ে গেলে অথবা পানি কমে গেলে তারা নদী থেকে পাথর উত্তোলন বন্ধ করে মাছ শিকার করে।
সীমান্তবর্তী মহানন্দা নদীতে পানি কমে যাওয়ায় তারা বৃহস্পতিবার সকালে মাছ ধরতে যায়। দুপুরে তাদের জালে বড় মাছ লেগেছে বুঝতে পেরে সাবুল সহকর্মীদের জাল ধরতে দিয়ে পানির নিচে নামে। পরে ওই দুই সহকর্মীদের নিয়ে ৪৫ কেজি ওজনের বাঘাইড় মাছটি উদ্ধার করে বাসায় নিয়ে আসে।
মো. সাবুল জানান, আমি এর আগেও বড় বড় মাছ ধরেছি। বড় মাছ জালে লাগলে আমি টের পাই। আজকেও বড় মাছ লাগার বিষয়টি নিশ্চিত হয়ে পানির নিচে মাছটি ধরি। বড় মাছ ধরার আনন্দটাই আলাদা। গোটা এলাকায় খবর ছড়িয়ে পড়লে সবাই দেখতে আসে। বিষয়টি আমার খুব ভালো লাগে।
সাবুল আরও জানায়, মাছ ধরার পর পরই গ্রামের ২০জন এক কেজি করে মাছ কিনে নেন। প্রতি কেজি মাছ ১২শ' টাকা দরে বিক্রি হয়। অবশিষ্ট মাছটি বিক্রি করতে তীরনইহাটে নিয়ে আসা হয়। বড় মাছ বিক্রির খবর পেয়ে তেতুলিয়ার বিভিন্ন এলাকার মানুষ ফোনে মাছ কেনার জন্য বুকিং দেন। বিকেলের মধ্যে মাছ বিক্রি শেষ হয়। পুরো মাছটি ৫৪ হাজার টাকায় বিক্রি হয়।
ইত্তেফাক/জামান
