সুন্দরগঞ্জে নিখোঁজের ১৪ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৪:২৬
গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজের ১৪ ঘণ্টা পর সুমাইয়া আকতার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে মরদেহটি পুকুর থেকে উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। ঘটনার সাথে জড়িত অভিযোগে পুলিশ সুমাইয়ার চাচী রেহেনা বেগমকে আটক করেছে।
 
জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের নিজাম খাঁ গ্রামের তারা মিয়ার ৪ বছরের কন্যা সুমাইয়া। গত বৃহস্পতিবার দুপুরের দিকে সুমাইয়া নিখোঁজ হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় নি। এক পর্যায়ে আজ শুক্রবার ভোরে একই গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়। 
 
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অভিযোগে রেহেনা নামে এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা দায়েরের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
 
ইত্তেফাক/এমআই