লক্ষ্মীপুরের রায়পুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলা কাউন্সিলরসহ উভয় পক্ষের ৫ জন গুরুতর আহত হয়েছে। এসময় আহত সবাইকে উদ্ধার করে রায়পুর সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে পৌর শহরের পশ্চিম কেরোয়া এলাকার পৌর ৯নং ওয়ার্ডের গোলাম রহমান সর্দার বাড়িতে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জুয়েল নামের একজকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন- পৌর ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর লিলি আক্তার (৪৫), তার ছেলে লিটন (২৫), একই বাড়ির আলি আহম্মেদ (৫০) তার স্ত্রী জাহানারা বেগম (৪২) ও ছেলে মাহফুজুর রহমান (২২)। তারা সবাই রায়পুর সরকারী হাসপাতালে ভর্তি রয়েছে। তবে এদের মধ্যে লিলি কাউন্সিলর মাথায় গুরুতর আঘাত পাওয়া তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় যোগাযোগ করা হলে উভয় পক্ষ একে অপরকে দোষী করে বক্তব্য দেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, বাড়ির পুকুর ঘাটে কে বা করা রাতে মলত্যাগ করে রাখে। সকালে এ ঘটনাকে কেন্দ্র করে একই বাড়ির আলি আহম্মেদের সাথে লিলি কাউন্সিলরের কথা কাটাকাটির এক পর্যায় উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সংঘর্ষের সাথে জড়িত থাকার অভিযোগে জুয়েল নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এমআই
