ভুল চিকিৎসায় প্রবাসীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর

আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৮:৩১
 
ব্রাহ্মণাবড়িয়ায় ভুল চিকিৎসায় মতিউর রহমান (৪০) নামে এক প্রবাসীর মৃত্যুর অভিযোগে বেসরকারি একটি ক্লিনিকে ভাঙচুর করা হয়েছে।
 
শুক্রবার দুপুর আড়াইটার দিকে পৌরশহরের কুমারশীল মোড়স্থ 'গ্রামীণ জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার' নামে একটি বেসরকারি ক্লিনিকে ভাঙচুর চালায় রোগীর স্বজনরা।
 
মৃত মতিউর রহমান জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত রেহান উদ্দিনের ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী। গত দুই মাস আগে ছুটিতে দেশে আসেন।
 
মৃত মতিউর রহমানের স্ত্রী রাবেয়া খাতুন জানান, শুক্রবার সকালে গলায় টনসিলজনিত ব্যথা নিয়ে গ্রামীণ জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে আসেন। পরে সেখানে ঢাকার মহাখালীর সাইফ হাসপাতালের নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা. আসালম হাজারীকে দেখানো হলে তিনি মতিউরের টনসিল জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের (অপারেশন) জন্য বলেন।
 
তিনি জানান, এরপর দুই ঘণ্টা ধরে মতিউরের টনসিল অস্ত্রোপচারের পর তার অবস্থার অবনতির কথা জানিয়ে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে ক্লিনিক কর্তৃপক্ষ। এরপর মতিউরকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হলে তার মৃত্যু হয়।
 
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন বলেন, ভুল চিকিৎসায় ওই রোগীর মৃত্যু হয়েছে কী না সেটি খতিয়ে দেখা হচ্ছে। মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনার পরপরই অভিযুক্ত চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষ গা ঢাকা দিয়েছে।
 
ইত্তেফাক/জামান