সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধে স্টেশন কর্মকর্তা গুলিবিদ্ধ

আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৮:৪১
 
সুন্দরবনে বনদস্যু সুমন বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে শ্যামাপ্রসাদ রায় নামে কালাবগী স্টেশন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার সকালে সুন্দরবনের নিষিদ্ধ ভদ্রা খালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। আহত বন কর্মকর্তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
 
বন বিভাগ জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে সুন্দরবনের পশ্চিম বনবিভাগের কালাবগী স্টেশনের কর্মকর্তা শ্যামাপ্রসাদ রায়ের নেতৃত্বে ছয়-সাতজনের একটি বনরক্ষী দল নলিয়ান রেঞ্জের নিষিদ্ধ ভদ্রা খালে নিয়মিত টহলে যায়। বনরক্ষী দলটি খালের মধ্যে পৌঁছুলে বনদস্যুরা তাদেরকে দেখতে পায়। বনরক্ষী দলটি তাদের চ্যালেঞ্জ করলে তারা বনের মধ্যে প্রবেশ করে গুলি ছুড়ি থাকে।
 
দু'পক্ষের গুলি চলাকালে কালাবগী স্টেশনের কর্মকর্তা শ্যামাপ্রসাদ রায় হাতে গুলিবিদ্ধ হন। প্রায় আধা ঘণ্টাব্যাপী গুলি বিনিময়ের পর এক পর্যায়ের বনদস্যু সুমন বাহিনী পিছু হটে। আহত শ্যামাপ্রসাদ দাকোপ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় স্টেশন কর্মকর্তা শ্যামাপ্রসাদ রায় বনদস্যু সুমনসহ অজ্ঞাতনামা সাত-আটজনকে আসামি করে দাকোপ থানায় মামলা দায়ের করেছেন।
 
ইত্তেফাক/জামান