অভয়নগরের যুবকের গুলিবিদ্ধ লাশ কেশবপুর থেকে উদ্ধার

আপডেট : ২৯ জুলাই ২০১৭, ১২:৪৯
অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের সাজ্জাদ হোসেনের (৩৪) গুলিবিদ্ধ লাশ কেশবপুর উপজেলার মঙ্গলকোট এলাকায় একটি ব্রিজের পাশ থেকে উদ্ধার হয়েছে। 
 
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, লোক মুখে সংবাদ পেয়ে শুক্রবার সকালে আমরা মঙ্গলকোট এলাকার দূর্গাপুর ব্রিজের পাশ থেকে অজ্ঞতনামা যুবকের লাশ উদ্ধার করি। তিনি বলেন, এলাকাবাসী আমাদের জানান, রাত চারটার দিকে তারা ওই  এলাকায় গুলাগুলির শব্দ শুনতে পায়। সকালে লাশ পড়ে থাকতে দেখে তারা আমাদের খবর দিলে লাশটি উদ্ধার করে বেওয়ারিশ হিসাবে যশোর মর্গে পাঠানো হয়। 
 
এদিকে নিহত সাজ্জাদ হোসেনের পিতা জাফর আলী ফারাজী জানান, পুলিশের লোক আমার ছেলেসহ আরও তিনজনকে বুধবার বিকালে বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রামের বাকী বিল্লালের বাড়ি থেকে আটক করে। পরে অন্য তিনজনকে ছেড়ে দেয়। কিন্তু ওরা আমার ছেলেকে আটক করে কেশবপুর নিয়ে গুলি করে হত্যা করেছে। কেশবপুর এলাকায় লাশ উদ্ধারের সংবাদ শুনে আমরা যশোরে যেয়ে লাশ শনাক্ত করি। 
 
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, সাজ্জাদ হোসেনের নামে হত্যা, বিস্ফোরক, চাঁদাবাজি এবং মাদকসহ ছয়টি মামলা আছে।
 
ইত্তেফাক/এমআই