পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ও বিজ্ঞান অনুষদের ডিন রাশেদ কবির (৫৫) নিহত হয়েছেন। শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে বগুড়া-নগর বাড়ি মহাসড়কের সাঁথিয়া উপজেলার ছোন্দা ব্রিজের নিকট সরকার ট্রাভেলসের এসি কোচ ব্রিজের নিচে পানিতে পড়ে যায়। কোচটির (ঢাকা মেট্রো ব-১৪-৮৩৭৪) যাত্রী ছিলেন রাশেদ কবির। কোচটি ঢাকা থেকে পাবনা আসছিল। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়। আহতদেরকে বেড়া হাসপাতালে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। পুলিশের ধারণা কোচ চালক ঘুমিয়ে পড়ায় তা নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে যায়।
রাশেদ কবির ২০১১ সালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে যোগদান করেন। গণিত বিভাগের চেয়ারম্যান ও দুই মেয়াদে বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পাবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য এবং বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ছিলেন এবং ডিন কমিটির আহ্বায়ক ছিলেন।
সাঁথিয়া থানার ওসি হাসান ইমাম জানান, নিহত রাশেদ কবির ওই কোচের যাত্রী ছিলেন। অল্প কিছু যাত্রীর মধ্যে সবাই বেঁচে গেলেও তিনি মারা যান।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির জয় বলেন, তার মৃত্যুতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একজন প্রতিভাবান ভালো শিক্ষককে হারালেন।
ইত্তেফাক/এমআই
