সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীর দুইভাই সহ চারজন নিহত হয়েছেন। সৌদি সময় বৃহস্পতিবার রাত ৩টার দিকে দাম্মাম শহরের কাছে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দরাপের ডাঙ্গা গ্রামের ওহেদ আলী বেপারীর দুই ছেলে এরশাদ বেপারী (২৮) ও হুমায়ুন বেপারী (২২)। একই উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের আনছার মাঝি গ্রামের ছহেদ মণ্ডলের ছেলে মিরাজ মণ্ডল (২৪) ও দক্ষিণ নাছের মাতব্বর পাড়ার ওসমান খানের ছেলে কোব্বাত খান (২৩)।
সরেজমিন নিহতদের বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনদের আহাজারিতে পুরো পরিবেশ ভারি হয়ে উঠেছে। নিহতদের পরিবার সূত্রে জানা যায়, চার জনই সৌদি আরবের দাম্মাম শহরে কাজ করতেন। বৃহস্পতিবার রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে তাদের বহনকারী বাস সড়ক দুর্ঘনায় পড়ে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
শুক্রবার রাতে পরিবারের লোকজন তাদের মৃত্যুর খবর পান। নিহতদের পরিবারের দাবী সরকার যেন দ্রুত সময়ের মধ্যে লাশগুলো দেশে আনার ব্যবস্থা করে।
উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফকির জানান, এ দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি প্রত্যেকে বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছেন। নিহতদের লাশ দেশে আনার জন্য পরিবারকে সার্বিক সহযোগিতা দেয়া হবে বলে তিনি জানান।
ইত্তেফাক/জামান
