সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: পলক

আপডেট : ২৯ জুলাই ২০১৭, ১৭:৪৯
 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, সন্ত্রাসীরা সবসময় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। শেখ হাসিনার সাহসী ও দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের কারণে সাড়ে আট বছরে সন্ত্রাসমুক্ত একটি উন্নত আধুনিক বাংলাদেশ হিসেবে সারা বিশ্বের কাছে আমরা পরিচয় দিতে পেরেছি। এ লড়াই অব্যাহত আছে এবং থাকবে।
 
শনিবার দুপুরে নওগাঁর আত্রাই উপজেলা রবীন্দ্র পতিসর কাচারিবাড়ি পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, 'মানুষ প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থাশীল থেকে জঙ্গি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে।' 'আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি জঙ্গি, সন্ত্রাসমুক্ত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠবে' বলে উল্লেখ করে পলক বলেন, 'যারা একটি প্রগতিশীল ও অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা গড়ে তুলবে। একটি প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ে তুলবে। আগামীতে একটি মধ্যম আয়ের ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠবে।'
 
এর আগে পতিসরে অবস্থিত জেলা পরিষদ ডাক বাংলোতে স্থানীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক অ্যাড. ওমর ফারুক সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তাফা বাদল, চেয়ারম্যান আল্লামা শেরই বিপ্লব প্রমুখ। পরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী রবীন্দ্র কাচারি বাড়ি জাদুঘর ঘুরে দেখেন।
 
ইত্তেফাক/জামান