দল বদলের বাজারে আর্সেনাল এখনো সক্রিয়: ওয়েঙ্গার

আপডেট : ২৯ জুলাই ২০১৭, ১৮:৪৪
দল বদলের বাজারে আর্সেনাল এখনো ‘সক্রিয়’ বলে জানিয়েছেন গানারদের কোচ আর্সেন ওয়েঙ্গার। যদিও এবারের দলবদলে অর্থের বিস্তর ছড়াছড়ি যাচ্ছে। 
 
দলবদলের দরজা খোলার পর এখনো পর্যন্ত মাত্র দুইজন খেলোয়াড় দলে ভিড়িয়েছে আর্সেনাল। ক্লাব রেকর্ড গড়ে ৫২ মিলিয়ন পাউন্ড ব্যয়ে তারা দলভুক্ত করেছে আলেক্সান্দ্রে লাকাজেত্তিকে। আর বিনা ট্রান্সফার ফিতে গানাররা দলে ভিড়িয়েছে ফুল ব্যাক সায়েদ কোলাসিনাককে। দল বদলের দরজা বন্ধ হবার আগমুহুর্তে লিগ ওয়ানে ওয়েঙ্গার শেষবারের মত হানা দিতে পারেন বলে গুজব রয়েছে। সেখানে তাদের টার্গেট মোনাকোর দুই তারকা থমাস লেমার ও কিলিয়ান এমবাপে।
 
নিজ দলের কিছু খেলোয়াড়দের ভেড়ানোর জন্য কিছু কিছু ক্লাব ওত পেতে রয়েছে সে বিষয়ে বেশ ভালভাবেই অবগত আছেন ৬৭ বছর বয়সী ওয়েঙ্গার। এদিকে টিন এইজ তারকা এমবাপের জন্য দলবদলের বাজারে মূল্য ওঠেছে ১৮০ মিলিয়ন পাউন্ড। আর বার্সেলোনার ব্রাজিলীয় তারকা নেইমারের জন্য প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ২২২ মিলিয়ন ইউরো পর্যন্ত ব্যয় করতে প্রস্তুত রয়েছে বলে গুজব রয়েছে। তবে দলের শক্তি বাড়ানোর জন্য আর্সেনাল এখনো তৎপর রয়েছে বলে জানান ওয়েঙ্গার। 
 
তিনি বলেন, ‘শেষ মুহূর্ত পর্যন্ত আমরা সক্রিয়।’ আমি মনে করি সত্যিকার অর্থে দলের উন্নতির জন্য দুটি পন্থা রয়েছে। প্রথমটি হচ্ছে দলের সব খেলোয়াড়ের মান প্রশিক্ষণের মাধ্যমে উন্নতি ঘটানো, যেটি বর্তমানে আমরা করে যাচ্ছি। আর দ্বিতীয়টি হচ্ছে বেশী করে সেরা মান সম্পন্ন খেলোয়াড়কে দলভুক্ত করা। গোল.কম।
 
ইত্তেফাক/সাব্বির