কুড়িগ্রামে দোকান থেকে ১৬০ ভরি সোনা চুরি

আপডেট : ২৯ জুলাই ২০১৭, ২১:৩০
 
কুড়িগ্রাম শহরের আদর্শ পৌর বাজারে 'এস বি অলঙ্কার' নামে একটি সোনার দোকান থেকে শ‌নিবার সন্ধ্যার দিকে ১৬০ ভরি সোনা চুরির ঘটনা ঘটেছে।
 
এস‌বি অলঙ্কারের মালিক সুবোধ কুমার বণিক জানান, তাৎক্ষণিক হিসাবে ১৫০ ভরি সোনা চুরি হয়েছে। প্রতি ভরি সোনা ৪৭ হাজার টাকা হিসাবে যার বাজার মূল্য ৭০ লাখ ৫০ হাজার টাকা।
 
পার্শ্ববর্তী দোকান মালিকগণ জানায়, এস বি জুয়েলার্সের মালিক ও কর্মচারীরা দুপুরে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে চলে যায়। বিকেল ৬টার দিকে কর্মচারীরা দোকান খোলার পর চিৎকার করে বলতে থাকে চুরি হয়েছে।
 
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সোবহান বলেন, চুরির ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। দোকানের মালিক, কর্মচারী, পার্শ্ববর্তী দোকানদার কেউ কোন তথ্য দিতে পারছে না। সিসিটিভির ফুটেজ সংগ্রহের কাজ চলছে। তদন্ত করে দেখা হচ্ছে প্রকৃত ঘটনা কি ঘটেছিল।
 
ইত্তেফাক/জামান