ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল থেকে ছয় বছরের শিশু সুমাইয়া চুরি হওয়ার চার ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। শিশু সুমাইয়া (৬) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কোঠাপাড়া ইশারহাট গ্রামের সহিদুল ইসলামের মেয়ে।
শনিবার বিকেল ৫টায় সদর উপজেলার ভুল্লি কশালবাড়ি গ্রামের মিলি আক্তারের বাড়ি থেকে ওই শিশুকে উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশ মিলি আক্তার ও তার ছোট বোন রুবি আক্তার নামে দুই অভিযুক্তকে আটক করে।
চুরি হওয়া ওই শিশুর মা শাহনাজ বেগম অভিযোগ করে বলেন, সকালে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আসি। হাসপাতালের ক্যাম্পাসের ভিতরেই দাদির কোলে সুমাইয়াকে রেখে টিকিট আনতে গেলে বাচ্চাকে আদর করার ছলে নিয়ে যায় মিলি আক্তার। এর পর খোঁজাখুঁজি করে না পাওয়া গেলে স্থানীয় থানায় খবর দেই।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা শাকিলা বানু বলেন, চুরি হওয়া শিশুকে মিলির বাবার বাড়ি কশালবাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/জামান
