দেনা-পাওনা তিক্ততা ক্রিকেটের জন্য ভয়ংকর: ক্লার্ক

আপডেট : ৩০ জুলাই ২০১৭, ২০:০০
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক আজ বলেছেন, দেনা-পাওনা নিয়ে খেলোয়াড় এবং অস্ট্রেলিয়া ক্রিকেটের মধ্যকার তিক্ততা খেলাটির জন্য ভয়ংকর এবং এমনকি সমস্যা সমাধান হলে পরবর্তীতে উভয়ের মধ্যে সম্পর্কের টানাপড়েন থাকতে পারে। 
 
কয়েক মাস চেষ্টা করার পরও খেলোয়াড় এবং ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) দেনা-পাওনা নিয়ে নতুন চুক্তি করতে ব্যর্থ হয়েছে। যে কারণে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় জুন মাসের পর থেকে ২৩০ ক্রিকেটার বেকার হয়ে পড়েছে। চলতি সপ্তাহের শুরুর প্রথম দিকেই রাজস্ব বিষয়ে কোন সমঝোতা না হলে সমস্যা সমাধানে তারা নালিশি আদালতের শরণাপন্ন হবে বলে গত সপ্তাহে ঘোষণা দিয়েছেন সিএ প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড।
 
ক্লার্কের ভয় খেলোয়াড় এবং নির্বাহী সংস্থার (সিএ) মধ্যে একমত না হলে শেষ পর্যন্ত সমস্যার সমাধান হবেনা। চ্যানেল নাইনকে ক্লার্ক বলেন, ‘সত্যি বলতে গেলে আমি মনে করছি এটা খেলাটির জন্য ভয়ংকর। যা ঘটেছে তাতে ভবিষ্যতে সম্পর্কে প্রভাব পড়বে এবং ইতোমধ্যেই খেলোয়াড়ও ক্রিকেট অস্ট্রেলিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে কোন সন্দেহ নেই।’
 
তিনি আরো বলেন, ‘এ সমস্যা কেবলমাত্র অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের ক্ষতিগ্রস্ত করবেনা। ‘অস্ট্রেলিয়ার এক নম্বর খেলাটিতে’ ভক্ত ও জনগণও জড়িত।’ অনেক সমস্যা থাকলেও এই মুহূর্তে মূল ইস্যু হচ্ছে রাজস্ব ভাগাভাগির নতুন মডেল। ক্লার্ক বলেন উভয় পক্ষের যুক্তিই তিনি বুঝতে পারছেন। তবে আরো বলেন, ‘যা কিছুই ঘটতে যাচ্ছে এটা সকলের অগোচরে হওয়া উচিত ছিল।’
 
আগামী মাসে নির্ধারিত বাংলাদেশ সফরকে সামনে রেখে ১১ আগস্ট থেকে অস্ট্রেলিয়া দলের অনুশীলন ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল। চলমান এ সমস্যার কারণে চলতি মাসের শুরু দিকে অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর বাতিল হয়ে গেছে। এমনকি চলমান এ সমস্যার কারণে সেপ্টেম্বর-অক্টোবরে অসি দলের ভারত সফরে ওয়ানডে সিরিজ ও নভেম্বরে নিজ মাঠে শুরু হওয়া অ্যাশেজ সিরিজও হুমকিতে পড়ে গেছে। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির