খালেদ মাহমুদকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে রাতে

আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১৬:১৬
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদের শারীরিক অবস্থার একটু উন্নতি হয়েছে। খুলে নেওয়া হয়েছে লাইফ সাপোর্ট। তবে এখনও শঙ্কামুক্ত নন তিনি। তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে।
 
বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, আজ সোমবার রাত ১১টায় সিঙ্গাপুর নেওয়া হবে বোর্ড পরিচালক সুজনকে।
 
জানাযায়, শনিবার রাতে হুট করেই অসুস্থ হয়ে পড়েন সাবেক অধিনায়ক মাহমুদ। শুরুতে তাকে নেওয়া হয়েছিল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। অবস্থার অবনতি হলে রোববার দুপুরে নেওয়া হয় ইউনাইটেড হাসপাতালে। রোববার রাতে অবস্থা ছিল খুবই সংকটাপন্ন। তবে সোমবার সকাল নাগাদ কিছুটা উন্নতি হয়।
 
দুপুর ১২টায় ইউনাইটেড হাসপাতাল কতৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মাহমুদকে রোববার দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসে অক্ষমতাসহ অজ্ঞান অবস্থায় আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করা হয়। এরপর তাকে আইসিইউতে নেওয়া হয়।
 
খালেদ মাহমুদ ২০০৩ সালে বাংলাদেশের তৃতীয় টেস্ট ক্যাপ্টেন হিসেবে ৯ টি টেস্ট ও ১৫ টি ওডিআই ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। ২০০৬ সালে মাহমুদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে পরিবারের পক্ষ থেকে। ইএসপিএন ক্রিকইনফো।
 
ইত্তেফাক/রেজা