আদর্শ সময়েই মেয়াদোত্তীর্ণ হচ্ছে সানচেজ ও ওজিলের চুক্তি : ওয়েঙ্গার

আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১৭:০৩
আর্সেনালের সঙ্গে চুক্তির মেয়াদের শেষ বছরে পদার্পণ করছেন দুই তারকা ফুটবলার আদর্শ সময়েই অ্যালেক্সিস সানচেজ ও মেসুৎ ওজিল। যা ক্লাবটির জন্য ‘উপযুক্ত’ সময় বলে মনে করছেন কোচ আর্সেন ওয়েঙ্গার। 
 
আসন্ন মৌসুম শেষে সানচেজ ও ওজিলের সঙ্গে আর্সেনালের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। এমতাবস্থায় ম্যানচেস্টার সিটি ও প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) সঙ্গে যোগাযোগ শুরু করেছেন চিলির আন্তর্জাতিক তারকা সানচেজ। 
 
আন্তর্জাতিক দায়িত্বের অংশ হিসেবে কনফেডারেশন কাপে অংশগ্রহণের জন্য ছুটিতে যাওয়া এই চিলিয়ান তারকা এখনো দলীয় অনুশীলনে ফিরেননি। অসুস্থতার জন্য ক্লাবে ফিরতে দেরী হচ্ছে বলে জানিয়েছেন তিনি। যে কারণে সপ্তাহের শেষভাগে এমিরেটস কাপেও অংশ নেননি তিনি। 
 
চুক্তির শেষ পর্যায়ে এসে শীর্ষ খেলোয়াড়রা চায় চুক্তির বিষয়ে আলাপ আলোচনা করতে। যা একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। জ্যাক উইলশেরে, অ্যালেক্স অক্সলাদে-চেম্বারলিন, সান্তি কাজোরলা এবং কিয়েরান গিবসও নিজ নিজ চুক্তির শেষ বছরে এসে পৌঁছেছেন। 
 
ওয়েঙ্গার বলেন, ‘এটি একটি আদর্শ সময়। সবাইকেই পারফর্ম করতে হবে। সামনে এটি আপনি আরো বেশি বেশি দেখতে পাবেন। কারণ খেলোয়াড়রা তাদের চুক্তির শেষ প্রান্তে পৌঁছেছে। দলবদলের বাজারে নিজেদের অবস্থান সংহত করার জন্যই তারা তা করবে। বাজারে তাদের চাহিদা না থাকলে চড়া অর্থ পাবে না। আমি নিশ্চিত আগামী দশ বছর এভাবেই চলবে।
 
আপনি যদি একজন ফুটবল খেলোয়াড় হন তাহলে চুক্তির শেষ মুহূর্তটি পর্যন্ত আপনাকে পারফর্ম করে যেতে হবে। চুক্তির মেয়াদ এক বছর আছে নাকি দুই বছর, সেটি বিবেচ্য নয়। ফুটবল মাঠে টিকে থাকতে হলে আপনাকে খেলতে হবে। আপনি অবশ্যই চাইবেন ভাল করতে।’ বাসস।
 
ইত্তেফাক/রেজা