জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা ৫৬ শিক্ষার্থীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন অবরোধ করে রাখে। এতে কোনো কর্মকর্তা-কর্মচারী প্রশাসনিক ভবনে প্রবেশ করতে না পারায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।
অবরোধ প্রসঙ্গে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বলেন, আগামী ৩ আগস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার জন্য শিক্ষার্থীদের প্রস্তাব দেন শিক্ষক সমিতি। কিন্তু আগে একই ধরনের আশ্বাস দিয়ে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তাই শিক্ষক সমিতির প্রস্তাব প্রত্যাখ্যান করে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রেখেছি। যতক্ষণ সিন্ডিকেট ডেকে মামলা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলতে থাকবে।
গতকাল সোমবারও বিকাল ৪টা পর্যন্ত প্রশাসনিক ভবন অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, গত ২৭ মে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় মহাসড়ক অবরোধ ও উপাচার্যের বাস-ভবন ভাঙচুরের অভিযোগে ৫৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামলা প্রত্যাহারের দাবিতে টানা আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা।
ইত্তেফাক/কেকে
