হাজারীবাগ থেকে ডাকাত সদস্য গ্রেফতার

আপডেট : ০১ আগস্ট ২০১৭, ২০:৩৮
 
রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক এক ডাকাত সদস্যকে গ্রেফতার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২) সদস্যরা। তার নাম জামাল ওরফে জামির শেখ (৪২)।
 
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, আসামির বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা ছিল। দীর্ঘদিন তিনি পালিয়ে ছিলেন। র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব মঙ্গলবার ভোরে হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
 
র‌্যাব সূত্র আরো জানায়, গ্রেফতারকৃত জামাল একাধিক ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি। তিনি একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে। তার বিরুদ্ধে সাভার থানায় ২টি ডাকাতির মামলা রয়েছে। এ ছাড়া তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা রয়েছে।
 
মঙ্গলবার র‌্যাব-২ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জামাল ২০১৩ সালে দাখিল পাস করে। পরবর্তী সময়ে নালিতাবাড়ী শহীদ মুক্তিযোদ্ধা কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়। কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করেনি। বেশ কিছুদিন বেকার থাকার পর ২০১৬ সালে চাকরির সন্ধানে চাচাতো ভাই তুষারের কাছে গাজীপুর আসে। গাজীপুরের বিনোদা গার্মেন্টসে পিয়ন পদে চাকরিতে যোগ দেয় এবং তার চাচাতো ভাই তুষারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখে। তুষার তাকে জেএমবি সদস্য হিসেবে অন্তর্ভুক্তির জন্য উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করে তাকে জেএমবি সদস্যভুক্ত করে। তুষার তাকে মুফতি জসীমউদ্দিন রাহমানীর ওয়াজ শুনানোর ব্যবস্থা করে এবং জিহাদী কার্যক্রমে উদ্বুদ্ধ করতে থাকে। জেএমবির হয়ে তিনি ডাকাতির কাজও করতেন।
 
ইত্তেফাক/এএম।