টেস্ট নিয়ে আত্মবিশ্বাসী রুবেল

আপডেট : ০২ আগস্ট ২০১৭, ১০:০৭
 
টেস্টে তার রেকর্ড এমনিতেই বলার মতো কিছু নয়। ২৪ টেস্টে ৬৩৯ ওভার বল করে মাত্র ৩২টি উইকেট নিয়েছেন। ফলে ২০১৪ সাল থেকেই টেস্ট দলে একরকম ব্রাত্য হয়ে আছেন। গত তিন বছরে খেলতে পেরেছেন মাত্র ২টি টেস্ট। এই অবস্থায় সামনে যখন অস্ট্রেলিয়া, মরিয়া হয়ে প্র্যাকটিস করার কথা ছিল রুবেল হোসেনের। কিন্তু দুর্ভাগ্য তার। এক গৃহস্থালি চোটে পড়ে কন্ডিশনিং ক্যাম্প মিস করলেন।
 
তাই বলে রুবেল আত্মবিশ্বাস হারাচ্ছেন না। সুস্থ হয়ে মাঠে ফিরেছেন। ফিরেই বললেন, যে সময়টুকু পাচ্ছেন এখন, নিজেকে তৈরি করে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন এই গতিতারকা। গতকাল মাঠে ফিরে রুবেল বলছিলেন, ‘এখন সুস্থ পুরোপুরি। পুরো রান আপে বোলিং করেছি আজ। আগের দিন শর্ট রান আপে করেছিলাম, তবে ইনটেনসিটি হাই ছিল। আজকে পুরো রান আপে করলাম। কোনো ধরনের কোনো ব্যথা অনুভব করিনি।’
 
অনুশীলনের যে সময়টা মিস করেছেন, সে নিয়ে আফসোস তো আছেই। তবে রুবেল সে দিকে না তাকিয়ে এখন সামনে তাকাতে চান, ‘এখনো অনেক দিন সময় আছে। যেহেতু কয়েকটা বোলিং সেশন মিস করেছি, সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব। যে কটা দিন অনুশীলন আছে, তার সঙ্গে মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করব।’
 
রুবেলের জন্য বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে- সীমিত ওভারের ফর্মটাকে টেস্টে টেনে নেওয়া। সুযোগ পাবেন কি না, সেটা পরের ব্যাপার। তবে রুবেল বলছেন, ওয়ালশের কাছ থেকে তিনি টেস্ট সাফল্যের রেসিপিটা শিখতে চান, ‘টেস্ট ক্রিকেটে তার কাছ থেকে অনেক শেখার আছে। কারণ তার টেস্ট রেকর্ড অনেক ভালো। কিভাবে লাইন-লেংথে একভাবে বোলিং করা যায়, কিভাবে উইকেট বের করতে হবে বড় বড় দলের সঙ্গে, এটা নিয়ে কাজ করব।’
 
এদিকে নিজে কিছু নতুন বল ও বোলিং অ্যাকশন চেষ্টা করছেন। তার ধারণা এই জিনিসগুলো ঠিকমতো প্রয়োগ করতে পারলে সাফল্য আসবে, ‘বাটারফ্লাই ভালো। নিউজিল্যান্ডের সঙ্গে তো ভিন্ন অ্যাকশনে বোলিং করেছি। আপনারা দেখেছেন হয়তো। সামনের খেলাগুলোয় করার চেষ্টা করব। ঠিক আছে এখন। আমি বিপিএলেও ওইটা নিয়ে বোলিং করব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে-টি-টোয়েন্টিতে সুযোগ পেলে করার চেষ্টা করব।’
 
টেস্টে শুধু রুবেলদের কাছ থেকে ভালো বোলিং আশা করবে দল, তা নয়। প্রয়োজনে ব্যাট হাতে একটু প্রতিরোধও দেখতে চায় ম্যানেজমেন্ট। বিসিবিতে মাত্রই যোগ দেওয়া ব্যাটিং কোচ মার্ক ও’নীল তাই বিশেষ করে বোলারদের ব্যাটিং নিয়ে কাজ করবেন বলে জানা গেছে। রুবেল এখনো তাকে নেটে পাননি। তবে বলছিলেন, কিছু টিপস নেওয়ার আশায় আছেন মার্কের কাছ থেকে, ‘আজকে ব্যাটিং করেছি। নেটে অবশ্য তার সঙ্গে দেখা হয়নি আমার। বাড়তি শেখা বলতে আমার সঙ্গে যদি একজন সেট ব্যাটসম্যান থাকে, তাকে সাপোর্ট করার জন্য কী করা উচিত, এটা নিয়ে কথা বলব। কোনো পরিস্থিতিতে কী করতে হবে, এই ধরনের বাড়তি কিছু টিপস নেওয়ার চেষ্টা করব।’
 
ইত্তেফাক/এমআর