দুই বছর পর আমেরিকায়

আপডেট : ০২ আগস্ট ২০১৭, ১২:৩৯
 
প্রায় দুই বছর পর যুক্তরাষ্ট্রর মাটিতে ডাব্লিউটি-এর কোনো ম্যাচ খেলতে নেমে জয় পেলেন মারিয়া শারাপোভা। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ক্লাসিকের প্রথম রাউন্ডে গত সোমবার রাতে জেনিফার ব্র্যাডির বিপক্ষে জয় পেয়েছেন তিনি।
 
মূলত রোমে ইনজুরির কারণে নিজেকে প্রত্যাহার নেবার পর এটা রাশিয়ান তারকার প্রথম ম্যাচ। প্রথম সেটে তার বিরুদ্ধে তেমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি ব্র্যাডি। শারাপোভা সেটটি জিতেন ৬-১ গেমে। তবে দ্বিতীয় সেট ৪-৬ গেমে হেরে যান শারাপোভা। তবে শেষ সেটটি ব্র্যাডিকে কোনো সুযোগ না দিয়ে ৬-০ গেমে জিতে নেন পাঁচ বারের গ্র্যান্ড স্লামজয়ী।
 
ডোপিং কেলেঙ্কারিতে জড়িয়ে ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে গত এপ্রিলে স্টুটগার্ট ওপেনে কোর্টে ফিরেন শারাপোভা। আসরের সেমি-ফাইনাল পর্যন্ত গিয়েছিলেন তিনি। এরপর এরপর মাদ্রিদে খেলে মে মাসে রোমে ইনজুরির কারণে নিজেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হন শারাপোভা। এরপর আর কোর্টে ফেরা হয়নি তার। মাঝে আসরের ‘মান রক্ষা করার’ দোহাই দিয়ে পাঁচবারের গ্র্যান্ড স্লামজয়ীকে ওয়াইল্ড কার্ড দিতে রাজি হয়নি ফরাসি ওপেন কর্তৃপক্ষ। এরপর উইম্বলডনেও ইনজুরির কারণে খেলার সুযোগ হারান রুশ তারকা।
 
আগামী ২৮ আগস্ট থেকে শুরু হবে বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন। পুরো ঘাসের মৌসুমে কোর্টের বাইরে থাকায় সরাসরি সেখানে খেলতে পারবেন না শারাপোভা। কোয়ালিফাইং খেলার জন্য যোগ্য বিবেচিত হবেন তিনি। তবে মূল ড্র-তে আপনা-আপনি থাকতে হলে যুক্তরাষ্ট্রের টেনিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওয়াইল্ড কার্ড পেতে হবে তাকে।
 
ব্র্যাডির সঙ্গে জয়ের পর শারাপোভা বলেন, ‘আমার প্রত্যেককে আলিঙ্গন করে কৃতজ্ঞতা জানাতে ইচ্ছা করছে। অনেক দিন পর যুক্তরাষ্ট্রে খেললাম। আমার মনে হয়, আমি অনেক কিছুর মুখোমুখি হচ্ছি; অনেক দিন যাবৎ খেলছি না, প্রতিপক্ষও ভালো খেলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার খেলে যাওয়া। আমি যত বেশি খেলব, তত ভালো করব। এটাই আমার লক্ষ্য।’-বিবিসি