দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান চেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের আগে ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দিচ্ছেন নতুন কোচিং স্টাফ। বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড মহিলা দলের কোচিং স্টাফ এবার যোগ দিচ্ছে দেশটির পুরুষ দলের সঙ্গে।
শুক্রবার ওল্ডট্রাফোর্ডে শুরু হওয়া চতুর্থ টেস্টের আগে আজই জো রুটদের সঙ্গে যোগ দিয়েছেন নিজ মাঠে বিশ্বকাপ শিরোপা জয়ী নারী দলের কোচের দায়িত্ব পালন করা মার্ক রবিনসন এবং সহকারী আলি মেইডেন।
নিজ মাঠে উপমহাদেশের দল ভারতকে হারিয়ে মাত্র এক সপ্তাহ আগে বিশ্বকাপের শিরোপা জয় করে ইংল্যান্ড মহিলা দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ সিরিজে ইতোমধ্যেই ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংলিশরা। প্রথম দুই ম্যাচে সমতা থাকলেও সোমবার ওভালের শততম ম্যাচে প্রোটিয়াদের ২৩৯ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে এগিয়ে যায় রুটের নেতৃত্বাধীন স্বাগতিকরা।
যার অর্থ হলো ইংল্যান্ডের মাটিতে একনাগারে তৃতীয় টেস্ট সিরিজ আর জিততে পারছে না দক্ষিণ আফ্রিকা। একই সঙ্গে ১৯৯৮ সালের পর এখানে প্রোটিয়াদের সিরিজ হারার সম্ভাবনাও সৃষ্টি হয়েছে। ইংল্যান্ড দলের প্রধান কোচ কখনো কখনো কোন টেস্ট কিংবা বড় ধরনের টুর্নামেন্টে অন্য কোচদের আমন্ত্রণ জানান।
ট্রেন্ট ব্রিজে দ্বিতীয় টেস্টের আগে উরষ্টাশায়ারের ব্যাটিং কোচ ও অধিনায়ক রুটের মেন্টর কেভিন শার্পকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।রবিনসনের জন্য অভিজ্ঞতাটা অবশ্য নতুন কিছু নয়। কেননা ইতোপূর্বে তিনি ইংল্যান্ড পুরুষ দলের কোচের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশীপেও তিনি দুই বারে ৯ বছর সাসেক্সের কোচের দায়িত্ব পালন করেছেন। বাসস/বিবিসি।
ইত্তেফাক/রেজা
