ইনজুরি যেন পিছুই ছাড়ছেন না শ্রীলঙ্কা ক্রিকেট দলের। ভারতের বিপক্ষে কলম্বোতে চলমান টেস্টেলংকার পেসার নুয়ান প্রদীপ হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন বলে জানিয়েছেন দলের ম্যানেজার আসাঙ্কা গুরুসিনহা।
তিনি বলেন, ‘হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন প্রদীপ। তার ইনজুরি কতটা গুরুতর তা এমআরআই রিপোর্ট পাবার পরে জানা যাবে। তবে এখন পর্যন্ত যা অবস্থা, কলম্বো টেস্টে আর বোলিং করতে পারবেন না প্রদীপ।’
ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে একমাত্র পেসার হিসেবে প্রদীপকে নিয়েই খেলতে নেমেছিলো শ্রীলঙ্কা। ম্যাচের প্রথম দিন নিজের ১৮তম ওভারের চতুর্থ ডেলিভারির পরই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন এই পেসার। দ্বিতীয় দিন মাঠেই নামতে পারেননি প্রদীপ।
গল টেস্টে অসুস্থতার কারণে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক দিনেশ চান্ডিমাল। আর টেস্ট চলাকালীন ইনজুরিতে পড়ে পুরো ম্যাচেই অনুপস্থিত ছিলেন আসলে গুনারত্নে। ঐ টেস্টের দ্বিতীয় ইনিংসে ইনজুরিতে পড়ে ব্যাট হাতে নামতেই পারেননি বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথ। ক্রিকবাজ/বাসস।
