স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় শিশু হাসপাতাল স্থাপন করা হবে।
গতকাল শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের শিশু হাসপাতালে ছয় থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধনকালে তিনি এই ঘোষণা দেন। সারাদেশে দুই কোটি ২৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নেওয়া হয়।
মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দ্রুততম সময়ের মধ্যে বিশেষ বিসিএস এর মাধ্যমে ১০ হাজার চিকিত্সক নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রথমে ৩ হাজার এবং পরে পর্যায়ক্রমে আরো ৭ হাজার চিকিত্সক নিয়োগ দিয়ে সারা দেশের মাঠ পর্যায়ে চিকিত্সক সংকট নিরসন করা হবে। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৪০ হাজার জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।
মোহাম্মদ নাসিম বলেন, রাতকানা রোগ থেকে রক্ষা পেতে এবং শিশুর স্বাভাবিক বেড়ে ওঠা ও রোগ প্রতিরোধ বৃদ্ধি নিশ্চিত করতে সকল অভিভাবকদের তাদের ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে।
সিদ্দিকুরের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক হিসেবে আখ্যায়িত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে তাকে আমরা চেন্নাই পাঠিয়েছি। শুক্রবার রাতে খবর নিয়েছি, তার অপারেশন হয়ে গেছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার, জাতীয় অধ্যাপক ডা. শায়লা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।
ইত্তেফাক/নূহু
