চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সড়ক দুর্ঘটনায় ৫ শিক্ষার্থীসহ ৮ জন আহত হয়েছে।
রবিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে আসা একটি সিএনজি ও বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।। এ সময় মার্কেটিং বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের উজানা চাকমা গুরুতর আহত হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। বাকিদের চবি মেডিকেল সেন্টারে চিকিৎসা সেবা দেয়া হয়।
আহতরা হলেন, মনোবিজ্ঞান বিভাগ ২০১৬-১৭ শিক্ষাবর্ষের জারিন তাসনিম, ম্যানেজমেন্ট ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মহিউদ্দিন, একই বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের সালাউদ্দিন, ফলিত রসায়ন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের জাহিদ হাসান, রেজিস্ট্রার অফিসের সহকারী নিয়ন্ত্রক এম শাকুর, সিএনজি চালক আকবর, অটোরিকশা চালক যুবরাজ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জিরোপয়েন্ট মোড় থেকে ৫ জন যাত্রী নিয়ে সিএনজি চালক কলা অনুষদের দিকে যাচ্ছিল। আবার আরেকটি ব্যাটারিচালিত অটোরিকশা বিশ্ববিদ্যালয়ের শহীদমিনার থেকে দুজন যাত্রী নিয়ে জিরোপয়েন্ট মোড়ের দিকে যাচ্ছিল। সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাটি কাটা পাহাড় সড়কের মাঝখানে এলে তাদের মাঝে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ব্যাটারিচালিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং রিকশায় থাকা যাত্রীরা ছিটকে পড়ে যায়। এ সময় পাচঁজন শিক্ষার্থীসহ আটজন আহত হন। পরে আহতদের দ্রুত চবি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত চবি মেডিকেল সেন্টারে ছুটে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী। এ সময় তিনি আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন।
ইত্তেফাক/ইউবি
