রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকদের পাল্টাপাল্টি অভিযোগ, তদন্ত কমিটি

আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ২০:১৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকদের দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আখতার ফারুককে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 
 
রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এম আব্দুল বারী এ তথ্য নিশ্চিত করেন। কমিটির অন্য সদস্যরা হলেন- হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. তাজুল ইসলাম এবং মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আব্দুল লতিফ। 
 
খোঁজ নিয়ে জানা গেছে, বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিমা জামান ও সহকারী অধ্যাপক রুখসানা পারভীন বিভাগের অন্যান্য শিক্ষকদের সম্পর্কে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ অভিযোগ করে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন ওই বিভাগের শিক্ষকরা। এতে বিভাগের শিক্ষকদের মানহানি হচ্ছে ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। শিক্ষার স্বাভাবিক পরিবেশও ব্যহত হচ্ছে। এর পরিপ্রেক্ষিতেই সভাপতির অপসারণ ও ওই শিক্ষিকার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে রবিবার সকাল ৯টা থেকে অবস্থান কর্মসূচি পালন করেন বিভাগের ১১ জন শিক্ষক। সভাপতির অপসারণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।
 
এর আগে গত ২ আগস্ট একই অভিযোগে সভাপতির প্রতি অনাস্থা জানিয়ে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন ওই ১১ শিক্ষক। এদিকে গত ৩ আগস্ট ওই ১১ শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অসাদাচারণের অভিযোগ করে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দেন বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা জামান। বিভাগের আরেক শিক্ষিকা রুখসানা পারভীন আন্দোলনকারী ১১ শিক্ষকের মধ্যে একজনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন গত ৩১ জুলাই। এছাড়া ওই শিক্ষিকার নামে ১১ জন শিক্ষক অপপ্রচার চালাচ্ছেন বলেও অভিযোগ করেন। পরে গত শুক্রবার বিভাগের ১৩ জন শিক্ষকের মধ্যে ওই ১১ শিক্ষক সংবাদ সম্মেলন করে সভাপতি ও শিক্ষিকার করা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। পাল্টাপাল্টি এমন অভিযোগের ফলে অচলাবস্থা দেখা দিয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে।
 
এদিকে তদন্ত কমিটি গঠন করায় এবং উপাচার্যের অনুরোধে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১১ জন শিক্ষক ক্লাসে ফেরার সিন্ধান্ত গ্রহণ করেন।  তবে একাডেমিক কমিটির সভা, প্লানিং কমিটির সভা বর্জনসহ বিভাগীয় সভাপতিকে অসহযোগিতা অব্যাহত রাখবেন তারা। রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি শেষে নিজেদের মধ্যে আলোচনা করে এই সিদ্ধান্ত নেন ওই ১১জন শিক্ষক।
 
ইত্তেফাক/ইউবি