'সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিযুক্ত বাংলাদেশের শান্তিরক্ষীগণ সফলতার সাক্ষর রেখে চলেছেন'- রবিবার বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশগ্রহণকারী একটি প্রতিনিধিদল নিউইয়র্কস্থ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন পরিদর্শনকালে স্বাগত ভাষণে একথা বলেছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
তিনি আরও বলেন, 'জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ একটি বিশ্বস্ত নাম। জাতিসংঘসহ পিস কিপিং অপারেশনের সাথে সংশ্লিষ্ট প্রতিটি দেশ সবসময়ই বাংলাদেশের শান্তিরক্ষীদের দায়িত্বশীলতা ও পেশাদারি দক্ষতার ভূয়সী প্রশংসা করে আসছে যা বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ মর্যাদার আসনে তুলে ধরছে।'
বাংলাদেশ মিশনে আসার আগে প্রতিনিধিদলের সদস্যগণ জাতিসংঘ সদর দফতরে যান। তারা ডিপার্টমেন্ট অব পিস কিপিং অপারেশনসহ জাতিসংঘের বিভিন্ন দফতর পরিদর্শন করেন। চলতি ২০১৭ সালে ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশগ্রহণকারী সামরিক বাহিনী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে ২৫ সদস্যের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন মেজর জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এনডিইউ, পিএসসি।
