অস্ট্রেলিয়া সফরে পাওয়া কাঁধের ইনজুরি থেকে এখনো পুরোপুরি সুস্থ হয়ে না ওঠা পেসার ডেল স্টেইনকে টেস্ট ক্রিকেটে আর দেখা যাবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
বর্তমান সময়ের সেরা পেসারদের একজন স্টেইন গত নভেম্বর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে আছেন। সে সময় অস্ট্রেলিয়া সফরে পার্থে প্রথম টেস্টে তার ডান কাঁধের হাড় ভেঙ্গে যায়। তার অবর্তমানেও শেষ পর্যন্ত স্বাগতিকদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয় করে প্রোটিয়ারা। এরপর শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষেও দক্ষিণ আফ্রিকা সিরিজ জয় করে স্টেইনকে ছাড়াই।
ইংল্যান্ডের বিপক্ষে কয়েক দিন আগে শেষ হওয়া সিরিজকে সামনে রেখে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে যুক্তরাজ্য সফরের অংশ হতে চেয়েছিলেন স্টেইন। তবে শেষ পর্যন্ত নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন তিনি। এবার স্টেইনের লক্ষ্য আগামী মাসের শেষ দিকে নিজ মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে দলে ফেরা।
তবে পুনরায় টেস্ট ক্রিকেটে ফিরে নিজকে প্রমাণ করার জন্য এ ফাস্ট বোলারকে অনেক বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে স্বীকার করেন ডু প্লেসিসি। দক্ষিণ আফ্রিকার হয়ে এ পর্যন্ত ৮৫ টেস্টে ২২.৩০ গড়ে মোট মোট ৪১৭ উইকেট শিকার করেছেন স্টেইন। এ ছাড়া ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে তার উইকেট সংখ্যা ২৩৮।
স্থানীয় এসএ ক্রিকেট ম্যাগাজিনকে ডু প্লেসিস বলেন, ‘সম্পূর্ণটাই তার ইনজুরির বিষয়। পুনরায় মাঠে ফিরে ১৪৫/১৫০ কিলোমিটার গতিতে টেস্ট ক্রিকেটে বোলিং করাটা তার জন্য কঠিন হয়ে যাবে।’
‘তবে আমি চাই তিনি ফিরে আসুক। কেননা মরনে মরকেল ও ভারনন ফিলান্ডারের সঙ্গে ইংল্যান্ডের মাটিতে তার অভিজ্ঞতটা অনেক বেশি কাজে আসত। এমন ধরনের খেলোয়াড়দের বদলী আপনি পাবেন না। আমি আশা করছি তিনি ফিরে আসবে বিশেষ করে টেস্ট দলে। ফিরতে তাকে অনেক কাজ করতে হবে।’
প্রায় নয় মাস খেলায় না থাকলেও আইসিসি টেস্ট বোলিং র্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে রয়েছেন স্টেইন। বাসস।
ইত্তেফাক/রেজা
