চকবাজারের বাসায় নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ০০:৫৭

রাজধানীর চকবাজারের একটি বাসা থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম পলিয়া পারভীন পাখি’ (২৮)।

গতকাল রবিবার রাত আটটার দিকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

চকবাজার থানা পুলিশ জানান, চকবাজার থানার মলাই বিবির গলির ওমেশ দত্ত রোডের ৩৪/৩৫সি বাড়ির ষষ্ট তলায় নাসির উদ্দিনের বাসায় সাবলেট থাকতেন পাখি ও তার এক সহকর্মী। গতকাল রাত ৮টার দিকে বাড়িওয়ালা নাসির উদ্দিন থানায় কল করে পাখির ঘরে আটকে থাকার কথা জানান। পুলিশ ঘটনাস্থলে এসে পাখির ঝুলন্ত লাশ উদ্ধার করে।

বাড়িওলা নাসির উদ্দিন জানান, তার বাসায় একটি কক্ষ ভাড়া নিয়ে গত তিনমাস ধরে পাখি এবং তার সহকর্মী খালেদা এ বাসায় আছেন। গতকাল বিকাল পাঁচটার দিকে পাখির স্বামী তাকে ফোন করে জানান যে পাখিকে ফোনে পাওয়া যাচ্ছে না। তখন তিনি বাসায় এসে পাখির রুমের বাইরে থেকে ডাকাডাকি করে কোনও সাড়া না পেয়ে থানায় খবর দেন। পুলিশ এসে দরজার ছিটকিনি ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

জানা গেছে, পাখির বাড়ি জয়পুরহাটে। তার বাবার নাম আবুল কালাম আজাদ। তার স্বামীর নাম আরাফাত রহমান। তিনি জয়পুরহাটে একটি প্রাইভেট ফার্মে চাকুরি করেন।

 

পুলিশ জানিয়েছে পাখির লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।

ইত্তেফাক/নূহু