পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোতে হামলা চালিয়ে অন্তত ১৭ জনকে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আটজন গুরুতর আহত হয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে। তবে, নিহতদের সকলের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
IMG0
শহরের একটি হাসপাতাল জানিয়েছে, নিহতদের একজন তুরস্কের নাগরিক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজধানী উয়াগাদুগু শহরের ব্যস্ত কোয়ামি নক্রুমাহ এভিন্যুতে রবিবার রাত নয়টার কিছু পরে গোলাগুলি শুরু হয়। সেখানকার হোটেল ব্রাভিয়া এবং আজিজ ইস্তানবুল রেস্তরাঁর বাইরের অংশে আগত অতিথিদের লক্ষ্য করেই হঠাৎ তিনজন বন্দুকধারী গুলি চালাতে শুরু করে। সেনাবাহিনী এখনও পুরো শহর ঘেরাও করে রেখেছে।
IMG1
উয়াগাদুগুর মার্কিন দূতাবাস নিজের নাগরিকদের ঘটনাস্থলের আশেপাশে না আসতে সতর্ক করে দিয়েছে। সাহেল অঞ্চলে সক্রিয় আল-কায়েদার একটি সহযোগী সংগঠন এ হামলা চালিয়েছে বলে আশংকা করা হচ্ছে। গত বছর জানুয়ারিতে এই ঘটনাস্থলের কাছাকাছি একটি ক্যাফেতে জিহাদি হামলায় ৩০জন নিহত হয়েছিল। আল কায়েদা ঐ হামলার দায় স্বীকার করেছিল। বিবিসি।
ইত্তেফাক/সেতু
