বঙ্গবন্ধুর মৃত্যুতে দক্ষিণ এশিয়ায় শক্তিশালী নেতৃত্বে শূন্যতা সৃষ্টি হয়েছে

আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ১৮:৩৮
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে জাতীয় শোক দিবস পালন করেছে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার এই উপলক্ষ্যে হাইকমিশনে আয়োজনে আলোচনা সভায় বলা হয়, ১৫ আগস্টের কালো রাতে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড শুধু বাংলাদেশেই নয় দক্ষিণ এশিয়ায় শক্তিশালী ও দূরদর্শী নেতৃত্বে শূন্যতা সৃষ্টি হয়েছে।
 
আলোচনা সভায় ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেয়া সাবেক ভারতীয় সেনা প্রধান জেনারেল দীপক কাপুর, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এসডি মুনি ও ভারতীয় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট গৌতম লাহিড়ী। ভারতের সাবেক রাষ্ট্রদূত রণেন সেনও আলোচনায় অংশ নেন। আলোচনা সভা মডারেশনের দায়িত্বে ছিলেন হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলি।
 
দিনের শুরুতে চ্যান্সারিতে হাইকমিশনার অর্ধনমিত পতাকা উত্তোলন করার পরে এক মিনিট নীরবতা পালন করেন হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা। শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বার্তা পড়ে শোনানো হয়।  ১৫ আগস্ট নিহত জাতির জনক ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। বঙ্গবন্ধুর জীবন ও অর্জনের উপর নির্মিত ডকুমেন্টারি ‘দোজ গোল্ডেন ডেজ’ প্রদর্শন করা হয়।
 
ইত্তেফাক/সাব্বির