সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তানে খেলতে রাজী হয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। এসএলসি’র এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এশিয়ান ব্র্যাডম্যান হিসেবে খ্যাত পাকিস্তানের সাবেক কিংবদন্তী জহীর আব্বাস। একইসাথে তিনি মনে করেন এর মাধ্যমে পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট পুনরায় নিয়মিত ভাবে ফিরে আসার পথ সুগম হবে। আর এটা ক্রিকেট পাগল জাতি হিসেবে পরিচিত পাকিস্তানের জন্য দারুন একটি সুখবর। একইসাথে জহীর স্বীকার করেছেন অনেক বিদেশী খেলোয়াড়ের সাথে তার আলাপ হয়েছে যারা পাকিস্তানে খেলতে মুখিয়ে আছে।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সোমবার পাকিস্তানের এই সফরের ব্যপারে অনুমোদন দিয়েছে। এ প্রসঙ্গে শ্রীলঙ্কান ক্রিকেট প্রধান থিলাঙ্গা সুমাথিপালা বিষয়টি নিশ্চিত করে বলেছেন লাহোরে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে নিরাপত্তা পর্যবেক্ষক দল তাকে সবুজ সঙ্কেত দিয়েছে।
সুমাথিপালা বলেছেন, ইতোপুর্বে আমাদের নিরাপত্তা বিশেষজ্ঞরা পাকিস্তান সফর করে একটি মূল্যায়ন রিপোর্ট দিয়েছে এবং পুরো দেশের সার্বিক অবস্থা বিশেষ করে লাহোরের অবস্থা বেশ ইতিবাচক মনে হচ্ছে।
তিনি আরো বলেন, ‘আগামী সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে আমাদের তিন ম্যাচের একটি টি-২০ সিরিজ রয়েছে এবং যার মধ্যে অন্তত একটি আমরা লাহোরে খেলতে চাই।’
জহীর আব্বাস বলেছেন, এটা অত্যন্ত চমৎকার একটি বিষয় যে দেলটির উপর লাহোরে সন্ত্রাসী হামলা হয়েছিল সেই দেশটিই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। এটা অন্যান্য বিদেশী দলগুলোর জন্য একটি ইতিবাচক বার্তাও বটে। তাদের সামনে এখন আর না খেলার কোন কারণ নেই।
১৯৮১ ও ১৯৮৪ সালে জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করা জহীর আরো বলেছেন, এই সফরে সবকিছুই ভালভাবে শেষ হবার ও একইসাথে শ্রীলংকা যাতে এই সফর থেকে সুখকর স্মৃতি নিয়ে দেশে ফিরে যেতে পারে, সেই আশাই তিনি করছেন। বাসস।
ইত্তেফাক/রেজা
