রাফায়েল নাদাল আবার বিশ্ব টেনিসের এক নম্বর খেলোয়াড় হচ্ছেন। আগামী সোমবার টেনিসের পরবর্তী বিশ্ব র্যাংকিঙটি প্রকাশিত হবে। ফলে ২০১৪ সালের জুলাইয়ের পর বর্তমান ফরাসি চ্যাম্পিয়ন নাদাল আবার টেনিসের বিশ্ব র্যাংকিঙয়ের শীর্ষে উঠে আসবেন।
ফেদেরারের সামনেও সুযোগ ছিল বিশ্ব র্যাংকিঙয়ে এক নম্বরে উঠে আসার। সেটা নির্ভর করতো তিনি যদি যুক্তরাষ্ট্রের ওহিওতে শুরু হয়ে যাওয়া সিনসিনাটি মাস্টার্সে খেলতেন। কিন্তু ১৯ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার জানিয়েছেন পিঠের ব্যথার কারণে তিনি ইউএস ওপেনের প্রাক্কালে প্রস্তুতিমূলক টুর্নামেন্টটি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।
অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডনের বর্তমান চ্যাম্পিয়ন ফেদেরার গত রবিবার জার্মানির আলেকজান্ডার জভেরেভের কাছে রজার্স কাপের ফাইনালে হারের সময় পিঠের ইনজুরিতে পড়েন। ৩১ বছর বয়সী নাদাল রজার্স কাপ খেলতে গেলেও সেখানে তিনি অবাছাই ডেনিস শাপোভ্যালেভের কাছে পরাজিত হন।
বর্তমানে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ব্রিটেনের অ্যান্ডি মারে কোমরের ইনজুরি থেকে সেরে ওঠার মধ্যে রয়েছেন বলে সিনসিনাটি ওপেন থেকে আগেই সরে দাঁড়ান। শীর্ষ দশে থাকা আরো কয়েকজন খেলোয়াড় আগেই সরে দাড়িয়েছেন। এরা হলেন কেই নিশিকোরি, মারিন সিলিচ।
অপরদিকে ২০১৬ সালের ইউএস ওপেন জয়ী স্ট্যান ওয়ারিঙ্কা ও ১২টি গ্র্যান্ড স্লাম জয়ী নোভাক জোকোভিচ মৌসুমের অবশিষ্ট সময়ের জন্যই খেলতে পারবেন না।
ফেদেরার নিজের সরে দাঁড়ানো প্রসঙ্গে বলেন, ‘নাম প্রত্যাহার করে নেওয়ার কারণে আমি খুবই দুঃখিত। সিনসিনাটিতে আছে বিশ্বের সেরা কিছু সমর্থক এবং আমি খেলতে পারবো না বলে দুঃখিত। দুর্ভাগ্যজনকভাবে আমি মন্ট্রিলে খেলতে গিয়ে পিঠে ব্যথা পাই। তাই এ সপ্তাহে আমার বিশ্রাম দরকার।’ উল্লেখ্য, সিনসিনাটি মাস্টার্সের পরই শুরু হবে ইউএস ওপেন। বছরের শেষ এই গ্র্যান্ড স্লামটি শুরু হবে ২৮ আগস্ট।- বিবিসি
