বোল্ট কি এবার ফুটবলে?

আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ০৯:৫২
 
উসেইন বোল্ট বিশ্বাস করেন পেশাদার ফুটবলার হওয়ার মধ্য দিয়ে তিনি একটা স্বপ্নের সাথে আরেকটা স্বপ্নের বদলাবদলি করতে পারবেন। অ্যাথলেটিক্সের এই কিংবদন্তি হয়তো এ জন্য স্বপ্নের ম্যানচেষ্টার ইউনাইটেডে খেলার চাইতে ফ্রান্সের লিগ ওয়ান কিংবা লিগ টু’র প্রস্তাব পেলে গ্রহণ করতে পারেন।
 
বোল্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের অংশগ্রহণের মধ্য দিয়ে এ সপ্তাহেই তার অ্যাথলেটিক্স ক্যারিয়ারের সমাপ্তি টেনেছেন। ৩০ বছর বয়সী বোল্ট এবারের আসরে অপ্রত্যাশিতভাবে কেবল একটি ব্রোঞ্জ পেলেও ক্যারিয়ার শেষ করেছেন ১৯টি সোনার পদক পেয়ে। লন্ডনে শেষ হওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে গত শনিবার চার গুণীতক ১০০ মিটারে দৌড়াতে গিয়ে ইনজুরিতে পড়ে ইভেন্টটি শেষও করতে পারেননি।
 
জ্যামাইকানটি এখন তাই ফুটবলে নজর দিচ্ছেন। এটা আগেই জানানোর কথা যে তিনি ফুটবল খেলতে চান। সম্ভব হলে তার প্রিয় দল ম্যানচেষ্টার ইউনাইটেডের হয়ে। এ প্রসঙ্গে তিনি বলেছেন,‘আমি সবসময়েই বলেছি যে আমি ফুটবল খেলতে চেয়েছিলাম। কারণ এটা এমন একটা কিছু যা আমি মনেকরি ভালো পারবো। তবে এ মুহূর্তে কুচকির ইনজুরির কারণে আমি সত্যি সেটা নিয়ে দুশ্চিন্তা করছি না।’
 
তার এজেন্ট রিকি সিমসও বলেছেন,‘আপনি তার কাছে জানতে চাইলে সে ফুটবল খেলতে চাওয়ার কথা বলবে। কারণ সে বলেছে যে আমাদের একডজন ক্লাব আছে যারা কিনা তাদের সাথে তাকে ট্রায়াল দেওয়াতে চাইবে। আমি নাম বলতে চাই না। তবে সে ডর্টমুন্ডে যাবে। কারণ পুমার সিইও যে কিনা আমাদের ভালো বন্ধু, ওই বরুশিয়া ডর্টমুন্ডের বোর্ডে আছে। সে তাদের সাথে অনুশীলন করতে যাবে।’
 
কিংবদন্তিতে পরিণত হওয়া অ্যাথলেটটির ম্যানেজার আরো বলেন,‘৩০ বছর বয়সে কি একজন স্প্রিন্টার বুন্দেশলিগা কিংবা প্রিমিয়ার লিগে খেলতে পারে? বাস্তবে ব্যাপারটা অনেক দূরের। আমি মনেকরি তিনি যদি ছয় কিংবা নয় মাস খেলেন এবং কোনো একটা দলের সাথে অনুশীলন করেন, তাহলে তার পক্ষে কোনো একটা পর্যায়ে খেলা সম্ভব হতে পারে। হতে পারে সেটা লিগ ওয়ান কিংবা লিগ টু।’ সেরকম কিছুর আগে অবশ্য বোল্ট বার্সেলোনার বিরুদ্ধে ২ সেপ্টেম্বর ম্যানচেষ্টার ইউনাইটেডের হয়ে ওল্ড ট্র্যাফোর্ডে কিংবদন্তিদের ম্যাচটিতে খেলার জন্য ফিট হয়ে ওঠার আশা করছেন। কেননা এই খেলাটিতে অংশ নিতে পারলে বোঝা যাবে তার পক্ষে ফুটবল কতটা খেলা সম্ভব।
 
সিমস আরো বলেন,‘আমি জানি না বাস্তবে জীবনের এ পর্যায়ে এসে তার পক্ষে ম্যানচেষ্টারে কিংবা মিউনিখে কিংবা অন্যত্র রিজার্ভদের সঙ্গে কোনো বৃষ্টি ভেজা দিনে অনুশীলনে যাওয়ার মতো মানসিক তাগিদ হবে কিনা। কারণ সে হলো একজন ধনী ব্যক্তি এবং দারুণ জীবনের অধিকারী। যদিও ফুটবলে আপনি তাকে কোনো না কোনোভাবে দেখবেন।’
 
ইউনাইটেডের সাবেক বিশ্ব রেকর্ডধারী দামি খেলোয়াড় পল পগবা একবার হালকাভাবেই বলেছিলেন তিনি আশা করেন বোল্ট প্রিমিয়ার লিগের শিরোপার তাড়ায় থাকা কোচ হোসে মরিনহোর দলে সই করবেন। তেমনটা হলে এটা হবে মরিনহোর বর্ণ্যাঢ্য কোচিং ক্যারিয়ারে বড় রকমের তাক লাগানো ঘটনা।
 
অবশ্য এরকম কিছু হলে আর কিছু না হোক বোল্ট জার্সি বিক্রিতে পগবা কিংবা জ্লাটান ইব্রাহিমোভিচকে সম্ভবত ছাড়িয়ে যাবেন। নিউজডটকমএইউ
 
ইত্তেফাক/আনিসুর