পর্তুগালে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের যুবকের মৃত্যু

আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ০০:৪৩

পর্তুগালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬আগষ্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আতিক-উর-রহমান (২১)। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ গ্রামের আব্দুল জলিলের ছোট ছেলে।

পরিবার সুত্র জানায়, শমশেরনগর আব্দুল মছব্বির একাডেমি থেকে এস.এস.সি. এবং সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ২০১৫ সালে উচ্চতর শিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়েছিলেন আতিক। গত ৭/৮ মাস আগে যুক্তরাজ্য থেকে তিনি পর্তুগাল যান। সেখানে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে কাজে যোগদান করেন। মঙ্গলবার তার কয়েকজন সাথীসহ একটি মাইক্রোবাসে করে বাসায় ফেরার পথে পিছন থেকে দ্রুত গতিতে এসে একটি প্রাইভেট কার তাদের মাইক্রোবাসকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর গুরুতর আহতাবস্থায় আতিককে হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাইক্রোবাসের বাকি যাত্রীরা সামান্য আহত হয়।

আতিকের বাবা আব্দুল জলিল জানান, তিন ছেলের মধ্যে আতিক ছিল সবার ছোট। বড় ছেলে আব্দুল মোক্তাদির (৩২) সৌদি আরবে আছেন। দ্বিতীয় ছেলে রহমান সজিব (২৪) ব্রাজিলে আছেন। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। বাড়িতে রেখে যাওয়া তার সখের কিছু সামগ্রী পর্তুগালে পাঠানোর জন্য দুই দিন আগে সিলেটে এক পর্তুগাল প্রবাসীর বাসায় দিয়ে আসা হয়। তার আগেই ছেলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলে।

যুক্তরাজ্যে আতিকের চাচা আছেন। তিনি ঘটনার খবর পেয়ে বুধবারই যুক্তরাজ্য থেকে পর্তুগাল চলে গেছেন। তিনি সেখানে সকল প্রকার আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নিয়ে বাংলাদেশে আসবেন।

ইত্তেফাক/নূহু