ইনজুরির কারণে নিশিকোরির মৌসুম শেষ

আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১৩:১৬
 
ইনজুরির কারণে মৌসুম শেষ শেষ হয়ে গেছে বিশ্বের নয় নম্বর টেনিস তারকা জাপানের কেই নিশিকোরির। ডান হাতের কব্জিতে আঘাত পাওয়ায় ২০১৭ এটিপি মৌসুমের বাকি সময় নিশিকোরির আর মাঠে নামা হচ্ছেনা বলে গতকাল তার ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে।
 
ফলে আসন্ন ইউএস ওপেন মিস করতে যাচ্ছেন এশিয়ার এক নম্বর তারকা ২৭ বছর বয়সী নিশিকোরি। নিউ ইয়র্কের হার্ডকোর্টের এ ইভেন্টেই ২০১৪ সালে রানার্স আপ হয়ে গ্র্যান্ড স্লামে নিজের সেরা নৈপুণ্য অর্জন করেছিলেন তিনি। গত বছরও টুর্নামেন্টের সেমিফাইনাল খেলেছেন এ তারকা খেলোয়াড়।
 
ইনজুরির কারণে আগে ভাগেই মৌসুম শেষ হয়ে যাওয়া শীর্ষ দশের মধ্যে তৃতীয় খেলোয়াড় হলেন নিশিকোরি। এর আগে কনুইয়ের ইনজুরির কারণে ১২টি গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ী সার্বিয়ার নোভাক জকোভিচ এবং হাঁটুর সমস্যার কারণে ২০১৬ ইউএস ওপেন জয়ী সুইজারল্যান্ডের ওয়ারিঙ্কাও মৌসুম থেকে ছিটকে পড়েছেন।IMG0
 
নিশিকোরির ম্যানেজমেন্টের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, পাঁচ জন কব্জি বিশেষজ্ঞের পরামর্শের পর এবং তিনি যাতে ফর্মের শীর্ষে থেকে ২০১৮ সালে ফিরতে পারেন এমন প্রত্যাশা নিয়েই মৌসুম শেষ করার সিদ্ধান্ত নেয়া হয়।
 
বিবৃতিতে বলা হয়, ‘দুই দিন আগে সিনসিনাতিতে অনুশীলনকালে সার্ভ করার সময় কেই তার কব্জিতে ‘মট’ করে শব্দ শুনতে পান। এরপর সরাসরি হাসপাতালে নিয়ে এমআরআই করা হয়। সেখানে বেশ কয়েকজন বিশেষজ্ঞ তাকে ভালভাবে পরীক্ষা করেন। তাদের পরামর্শে ২০১৭ সালের সকল টুর্নামেন্ট থেকে কেইর নাম প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয়।’
 
এদিকে আয়োজকরা জানিয়েছেন, ২৮ আগস্ট শুরু হওয়া ইউএস ওপেনে নিশিকোরির পরিবর্তে খেলবেন ব্রাজিলের থিয়াগো মন্টেইরো।বাসস
 
ইত্তেফাক/এমআর