নিষেধাজ্ঞায় থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর অনুপস্থিতি বুঝতে না দিয়ে বার্সেলোনাকে দ্বিতীয় লেগে ২-০ গোলে পরাজিত করে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা নিশ্চিত করেছে রিয়াল।
প্রথম লেগের ম্যাচে রেফারীকে ধাক্কা দেবার অপরাধে রোনালদোকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করেছিল স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ সংস্থা। কিন্তু তার পরিবর্তে মাঠে নামা মার্কো আসেনসিও কোচ জিনেদিন জিদানের আস্থার প্রতিদান দিয়েছেন। ম্যাচ শুরুর চার মিনিটের মধ্যেই দলকে এগিয়ে দিয়ে তিনি আরো একবার প্রমাণ করেছেন কেন তাকে বিশ্বের অন্যতম সেরা উদীয়মান তারকা হিসেবে বিবেচনা করা হয়। বিরতির আগে ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেঞ্চম্যান করিম বেনজেমা।
দ্বিতীয়ার্ধে বার্সা কিছুটা জ্বলে ওঠার চেষ্টা করলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি। তবে ভাগ্যও কাল বার্সার সাথে ছিল না। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের দুটি শট পোস্টে লেগে ফেরত না আসলে হয়ত তখনই গোলের দেখা পেত কাতালান জায়ান্টরা।IMG0
জিনেদিন জিদানের অধীনে মাদ্রিদের সাফল্যের ধারাবাহিকতায় সুপার কাপের শিরোপা আরেকটি অধ্যায় রচনা করলো। জিদানের অধীনে গত ২০ মাসে এই নিয়ে সাতটি শিরোপা ঘরে তুললো ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে জিদান বলেছেন, আজ আমরা অসাধারণ একটি ম্যাচ খেলেছি। বিশেষ করে প্রথমার্ধটা ছিল দুর্দান্ত।’
জয়ের ব্যাপারে অনেকটাই আত্মবিশ্বাসী জিদান কাল মূল একাদশ থেকে বিশ্রামে রেখেছিলেন গ্যারেথ বেল, ইসকো ও কাসেমিরোকে। কিন্তু নিয়মিত এই খেলোয়াড়দের ছাড়াই প্রথম ৪৫ মিনিটে রিয়াল পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখেছিল। এ কারণেই জিদান বলেছেন, এই দলটির মধ্যে জয়ের নেশা রয়েছে এবং প্রতিটি ম্যাচেই তার প্রতিফলন দেখা যাচ্ছে। আমরা চেষ্টা করবো এই ধারাবাহিকতা বজায় রাখার। এভাবে মৌসুমের শুরু করাটা দারুণ এক ব্যাপার। কিন্তু এখনো লম্বা একটি মৌসুম আমাদের সামনে অপেক্ষা করছে।
প্রথম লেগের মতই একইভাবে ২১ বছর বছর বয়সী আসেনসিও বাম পায়ের জোরালো শটে বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগানকে পরাস্ত করেন। যদিও জিদানের বিবেচনায় এখনো নিজেকে বেলের থেকে এগিয়ে রাখতে চান না স্প্যানিশ এই তারকা। এ সম্পর্কে তিনি বলেন, মাঠে যতক্ষণ থাকি ততক্ষণই পরিশ্রম করার চেষ্টা করি। সব মিলিয়ে আমি দারুণ খুশী।
এদিকে বার্সেলোনার নতুন বস আর্নেস্টো ভালভার্দের জন্য নিজের দায়িত্বের শুরুটা মোটেও সুখকর হলো না। পরপর দুই ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী রিয়ালের কাছে পরাজিত হবার ব্যাপারটা বার্সেলোনার কোন কোচের জন্যই খুব একটা স্বস্তিকর নয়। কিন্তু রবিবার থেকে রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা মৌসুম শুরু করতে যাওয়া বার্সেলোনার কোচ মনে করেন এই পরিস্থিতি থেকে দ্রুতই তার দল বেরিয়ে আসবে।
রেকর্ড চুক্তিতে প্যারিস সেইন্ট-জার্মেইতে নেইমার চলে যাবার পরে মূলত বার্সেলোনার আক্রমণভাগে চিড় ধরেছে। তার উপর ইনজুরির কারণে খেলতে পারছেন না অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। ভালভার্দে বলেছেন, প্রাক-মৌসুমে যা ঘটেছে সে কারণে দলের ভারসাম্য ফিরে পেতে কিছুটা সমস্যা হচ্ছে।
ইত্তেফাক/এমআর
